২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের ‘ভিডিও কনফারেন্স’, মামলায় বিএনপি নেতাকর্মী

লন্ডনে অবস্থানরত বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সে নাশকতার পরিকল্পনার অভিযোগে নারায়ণগঞ্জে দলটির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2020, 10:06 PM

Updated : 08 Apr 2022, 01:35 AM

বৃহস্পতিবার রাতে রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই আমিনুর রহমান আমান বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে রূপগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন।

মামলায় বিএনপির কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৯০ জনকে আসামি করা হয়েছে।

অন্য আসামিরা হলেন জেলা যুবদলের সম্পাদক গোলাম ফারুক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমান স্বপন ও আরিফুজ্জামান ইমন, রূপগঞ্জ যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা দুলাল হোসেন, ছাত্রদল নেতা সজীব, সারোয়ার হোসেন রাজীব, আবু বক্কর, নয়ন, রাশিদুল হক গণি।

মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর বাড়িতে তারই প্ররোচনায় নাম উল্লেখিত ১১ জনসহ অজ্ঞাত আরও ৯০ জন মিলে বিদেশে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন।

“সেই কনফারেন্সে রাষ্ট্র বিরোধী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে বাসায় ল্যাপটপ ও প্রজেক্টরের মাধ্যমে শলাপরামর্শ করছিল। ওই খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে শহীদুর রহমান স্বপনকে গ্রেপ্তার করা হয়।”

আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে বলে তিনি জানান।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন বলেন, যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জেলা যুবদলের ভার্চুয়াল বৈঠক ছিল রূপগঞ্জে।

সন্ধ্যায় বৈঠক চলাকালে পুলিশ স্বপনকে আটক করে এবং ল্যাপটপ ও প্রজেক্টার নিয়ে যায় বলে তিনি জানান।