২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী নগরীর সড়কবাতি পোড়ানোর নেপথ্যে ‘২ প্রকৌশলী’

প্রকৌশলীর পরিকল্পনায় দীর্ঘদিন ধরে রাজশাহী নগরীতে সড়কবাতি পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে পিবিআইয়ের তদন্তে উঠে এসেছে।

বদরুল হাসান লিটন

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2020, 11:09 PM

Updated : 18 Aug 2022, 04:01 PM

এই ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিটি করপোরেশনের এক প্রকৌশলী ও দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে।

তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পিবিআই জানিয়েছে।

গ্রেপ্তার হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের উপ-সহকারী প্রকৌশলী শফিকুল হাসান এবং বৈদ্যুতিক শাখার দুই কর্মচারী মিজানুর রহমান শাহীন ও মো. ইব্রাহিম।

নিয়মিত সড়কবাতি পুড়ে যাওয়ার ঘটনা ঘটায় গত বছরের ১১ সেপ্টেম্বর রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষ বোয়ালিয়া থানায় মামলা করে। মামলাটি তদন্ত করছে পিবিআই।

পিবিআইয়ের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে বেকায়দায় ফেলা এবং ঠিকাদারের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সড়কবাড়ি পোড়ানোর কাজটি তারা করছিলেন বলে তারা স্বীকার করেছেন। 

পিবিআই কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, গত ২৫ অগাস্ট বৈদ্যুতিক শাখার কর্মচারী মিজানুর রহমান শাহীন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

তিনি বলেন, মিজানুর রহমান শাহীনের কাছ থেকে জানা যায় সড়কবাতি পুড়িয়ে ফেলার নির্দেশনা দেন উপ-সহকারী প্রকৌশলী শফিকুল হাসান। এরপর পিবিআই শফিকুল হাসানকে গ্রেপ্তার করে। তিনি ১৭ সেপ্টেম্বর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শফিকুল ইসলাম জানান-পরিকল্পনাটি করেছিলেন নির্বাহী প্রকৌশলী গোলাম মুর্শেদ।

“এছাড়া ২১ অক্টোবর কর্মচারী মো. ইব্রাহিমের দেওয়া জবানবন্দিতেও এসেছে নির্বাহী প্রকৌশলী গোলাম মুর্শেদের নাম।”

সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানায়, রাতের ঝলমলে আলোয় আলোকিত কিছু এলাকায় হঠাৎ করেই সড়কবাতি পুড়ে যাওয়া শুরু করে। নানাভাবে তৎপরতা চালিয়েও এটি বন্ধ করতে না পারায় সিটি করপোরেশন কর্তৃপক্ষ মামলার সিদ্ধান্ত নেয়।

সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, গত দেড় বছরে কোটি টাকার বেশি মূল্যের সড়কবাতি পুড়িয়ে দেওয়া হয়েছে। নষ্ট হয়েছে বিভিন্ন মোড়ে বসানো হাই-মাস্ক লাইটও।

তিনি বলেন, যেসব বাতি পুড়ে যাচ্ছিল, সেগুলো মনে হয়েছে কেউ ইচ্ছাকৃতভাবে পুড়িয়ে দিচ্ছে। দেখে মনে হয়েছে কেউ গান পাউডার দিয়ে পুড়িয়েছে।

“বার বার সড়কবাতি পুড়ে যাওয়ার ঘটনাটি আমার কাছে রহস্যজনক মনে হয়েছে। এ কারণে মামলা করার সিদ্ধান্ত হয়।”

রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার বলেন, এই ঘটনায় জড়িত সন্দেহে প্রথমে গ্রেপ্তার হয় বৈদ্যুতিক শাখার কর্মচারী শাহীন। তার দেওয়া তথ্যে উপ-সহকারী প্রকৌশলী শফিকুল হাসানকে গ্রেপ্তার করে পিবিআই। এরপরই বেড়িয়ে আসতে শুরু করে নেপথ্যে থেকে কারা এতদিন পুড়িয়েছেন নগর সড়কের বাতি।

তিনি আরও বলেন, সর্বশেষ গত জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে সাগরপাড়া মোড় থেকে রাণীবাজার মোড় পর্যন্ত সড়কের বাতিগুলো পুড়ে যায়। দীর্ঘ সময় ধরে সড়কবাতি পুড়ে যাওয়ার কারণ খুঁজতে বুয়েটে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল লাইটগুলো। গত ১৭ সেপ্টেম্বর সেখান থেকে পাঠানো যে ফলাফল তারা পেয়েছেন তাতে অতিরিক্ত ভোল্টেজের কারণে লাইটগুলো পুড়েছে। ফলে তারা এখন নিশ্চিত ইচ্ছাকৃতভাবে ভোল্টেজ বাড়িয়ে সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তা সমর পাল বলেন, সড়কবাতিগুলো পুড়ে যাওয়াটি রহস্যজনক হওয়ার কারণেই মেয়রের পরামর্শে গত বছরের ১১ সেপ্টেম্বর তিনি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মহিদুল ইসলাম আরও জানান, তাদের কাছে এই ঘটনায় জড়িত কয়েকজনের নাম এসেছে। এদের মধ্যে একজন উপ-সহকারী প্রকৌশলী ও দুইজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। শিগগিরই এই ঘটনার নেপথ্যের সবার নাম উন্মোচন করে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।