দিনাজপুরে আদিবাসী তরুণীকে হত্যা, কথিত প্রেমিকের স্বীকারোক্তি
দিনাজপুরের পার্বতীপুরে কলেজ শিক্ষার্থী এক আদিবাসী তরুণীকে হত্যায় গ্রেপ্তার তার কথিত প্রেমিক আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।
আনিসুর রহমান (২৬) নামের ওই যুবক বুধবার দিনাজপুরের একটি বিচারিক হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এই জবানবন্দি দেন।
পার্বতীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশিক বিন হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশকে আনিসুর বলেছেন-২৩ বছর বয়সী এই তরুণীর সঙ্গে গত পাঁচ বছর ধরে তার প্রেমের সম্পর্ক ছিল।
“দুইজনের ধর্ম ভিন্ন হওয়ায় পরিবারের ইচ্ছায় আনিসুর পরবর্তীতে অন্য মেয়েকে বিয়ে করলে এই প্রেমিকার সঙ্গে বিরোধ বাধে।”
আনিসুরের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, “দুইজনের মধ্যে চরম মনোমানিল্য হলে মেয়েটি আত্মহত্যাসহ বিভিন্ন হুমকি দিতে থাকেন। নিজেকে ঝামেলামুক্ত রাখতে আনিসুর তার সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে মেয়েটিকে হত্যা করে মঙ্গলবার পার্বতীপুর মধ্যপাড়া-রংপুর আঞ্চলিক মহাসড়কের পাশের শালবাগানে মরদেহ ফেলে পালিয়ে যান।”
মঙ্গলবার পার্বতীপুরে মধ্যপাড়া-রংপুর আঞ্চলিক মহাসড়কের পাশের শালবাগানে হাত-পা বাঁধা অবস্থায় মেয়েটির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন তার পরিচয় পাওয়া যায়।
এই তরুণী রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক (সম্মান) ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্রী ছিলেন।
এই হত্যায় জড়িত সন্দেহে তরুণীর কথিত প্রেমিক আনিসুরসহ তার সহযোগী অটোরিকশা চালক রাজ মিয়া (২৫) ও আশিকুজ্জামানকে (২৫) বুধবার ভোরে রংপুরের বদরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
