২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি: যশোর বোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

এসএসসি পরীক্ষায় এবার যশোর শিক্ষা বোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2020, 08:31 PM

Updated : 18 Aug 2022, 03:05 PM

এ বোর্ডে এবার পাস করেছে ৮৭ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী, জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন।

গতবছর পাসের হার ছিল ৯০.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৮৬৪ জন।

যশোর শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ রোববার যশোর প্রেসক্লাবে এবারের ফলাফলের বিস্তারিত তুলে ধরে। 

এ বোর্ডে এবার প্রথমবারের মত সকল পরীক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বরে ফলাফল পৌঁছে দেওয়া হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র বলেন, “অষ্টম শ্রেণি থেকে প্রশ্ন ব্যাংকের মাধ্যমে পরীক্ষা গ্রহণ এং শিক্ষার্থীদের অভ্যস্ত করতে পারায় ফলাফল ভালো হয়েছে। পাশের হার গত বছরের তুলনায় ৩ শতাংশ পয়েন্ট কম হলেও তা পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ার কারণে হয়েছে।”

তিনি বলেন, ইংরেজি ও উচ্চতর গণিতে পরীক্ষার্থীরা এবার কিছুটা খারাপ করেছে বলে তাদের ধারণা।

যশোর বোর্ডের আওতাধীন খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫২১টি বিদ্যালয় থেকে এবার ১ লাখ ৬০ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে ২৫০টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠান দুটি।

পাসের হারে এ বোর্ডে এগিয়ে আছে সাতক্ষীরা জেলা। এ জেলার পাসের হার ৯৪.০৩।

এছাড়া খুলনায় ৯২.৬৬ শতাংশ, বাগেরহাটে ৯০.৮৬ শতাংশ, যশোরে ৯০.০৪ শতাংশ, চুয়াডাঙ্গায় ৮৬.৯৯ শতাংশ, নড়াইলে ৮৩.৯৫ শতাংশ, ঝিনাইদহে ৮৩.৭৪ শতাংশ, মাগুরায় ৮২.৩৪ শতাংশ, কুষ্টিয়ায় ৮০ শতাংশ এবং মেহেরপুরে ৭৮.৩০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।