২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে আরও ১৫ জনের কোভিড-১৯ শনাক্ত

কক্সবাজার মেডিকেল কলেজের পরীক্ষাগারে আরেকজন রোহিঙ্গাসহ নতুন ১৫ জনের দেহে করোনাভা্ইরাস শনাক্ত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2020, 09:46 PM

Updated : 08 Apr 2022, 12:47 AM

এনিয়ে জেলায় পাঁচ রোহিঙ্গাসহ মোট ১৮৯ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হলো। এদের মধ্যে শনিবার পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ জন।

রোববার সন্ধ্যায় গত চব্বিশ ঘণ্টার হিসাবে এ তথ্য জানিয়েছেন জেলার সিভিল সার্জন মাহবুবর রহমান।

মাহবুবর বলেন, শনিবার কক্সবাজারের আট উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলা এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা থেকে মোট ১৮৪ জন সন্দেহভাজন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়।

"পরীক্ষায় ২৩ জনকে পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন পুরাতন রোগীর ফলোআপ রিপোর্ট। অপর ২২ জনের মধ্যে একজন রোহিঙ্গাসহ কক্সবাজার জেলার ১৫ জন রয়েছে।"

সিভিল সার্জন বলেন, নতুন আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় নয় জন, পেকুয়া উপজেলায় একজন এবং উখিয়া উপজেলায় চার জন রয়েছে। অপর সাত জনের মধ্যে বান্দরবনের লামার এক জন, চট্টগ্রামের লোহাগাড়ার ছয় জন রয়েছে।

তিনি জানান, গত ৪৬ দিনে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মোট ৩৯১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়; মোট শনাক্ত ২১১ জন।

কক্সবাজারের আক্রান্তদের মধ্যে মহেশখালীতে ১২ জন, টেকনাফে সাত জন, উখিয়ায় ২৫ জন, রামুতে তিন জন, চকরিয়ায় ৬১ জন, কক্সবাজার সদরে ৫২ জন, কুতুবদিয়ায় এক জন এবং পেকুয়ায় ২৩ জন রয়েছে। এর সঙ্গে যোগ হলো উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের পাঁচ জন।