সাদুল্লাপুরে ত্রাণের দাবিতে বিক্ষোভ, থানায় অভিযোগ
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বন্ধের কারণে গাইবান্ধায় কর্মহীন মানুষের ত্রাণের দাবিতে বিক্ষোভের ঘটনায় থানায় অভিযোগ করেছেন এক ইউপি সচিব।
‘মোটরসাইকেল ও ইউনিয়ন পরিষদ ভবনে ভাংচুরের’ অভিযোগে বুধবার সাদুল্লাহপুর থানায় এই অভিযোগ দায়ের করেন ফরিদপুর ইউনিয়ন পরিষদ সচিব সেলিম আকতার।
মঙ্গলবার দুপুরে সাদুল্লাহপর উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে বিক্ষোভ করেন ৬ নম্বর ওয়ার্ডের চক গোবিন্দপুর ও আলদাদপুর গ্রামের কয়েকশ দিনমজুর ও শ্রমিক।
এ সময় তারা দুটি মোটরসাইকেল ও ইউপি ভবনের দরজা-জানালা ভাংচুর করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলার বাদী সেলিম আকতার বলেন, মঙ্গলবার খয়রাতী ত্রাণের (জিআর) দুই টন চালসহ ডাল ও আলু দুই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে বিতরণের জন্য প্রস্তুতি চলছিল। এই চালগুলো ১০ কেজি করে প্যাকেট করার সময় ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকার ৫-৬ শতাধিক মানুষ এসে ত্রাণের দাবি করে। পরে তাদেরকে বুঝিয়ে বিদায় করে দেওয়া হয়।
তিনি অভিযোগ করেন, “পরে ওই ত্রাণগুলো বিতরণের জন্য মাস্টার রোল তৈরি করার সময় আবার ওই লোকজন ইউনিয়ন পরিষদে এসে আমার ও চেয়ারম্যানের দু’টি মোটরসাইকেল এবং ইউপি ভবনের দরজা-জানালা ভাংচুর করে। এ ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪৫০ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।”
সাদুল্লাহপুর থানার ওসি মাসুদ রানা বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্ত অব্যাহত রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজ বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর আলম বলেন, তার ওয়ার্ডে কমপক্ষে সাড়ে চারশ জন মানুষ ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে। তারমধ্যে এ পর্যন্ত ইউনিয়ন পরিষদ থেকে ২৫ জনকে ও নিজ উদ্যোগে আরও ১০ জনকে ত্রাণ প্রদান করেছেন; যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. নুর আজম মন্ডল নিরব বলেন, “সরকারি বরাদ্দের সাত মেট্রিক টন চাল ইউনিয়নের অসহায়-অস্বচ্ছল পরিবারের মাঝে বিতরণ চলমান আছে। ইতোমধ্যে পাঁচ শতাধিক মানুষকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।”
