‘অহন দুধভাত খাই, গায় এটটু বল পাচ্চি’
করোনাভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পড়া যশোরের আঁচড়া এলাকায় অসহায়দের ত্রাণ হিসেবে দুধ দিচ্ছে একটি খামার।
জেলার শার্শা উপজেলায় বেনাপোল ইউনিয়নের ‘বড় আঁচড়া অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম’ থেকে বিনা মূল্যে এই দুধ পেয়ে উচ্ছ্বসিত এলাকার গরিব মায়েরা। অসহায়-দুস্থরা জানিয়েছেন গায়ে একটু বল (শক্তি) পাওয়ার কথা।
খামারের মালিক বড় আঁচড়া গ্রামের আবু তাহের ভারত বলেন, “অনেক মা-বাবা শিশু ও অসুস্থদের জন্য দুধ কিনতে পারছেন না। তাদের আহাজারি আর শিশুদের কান্না শুনে ফার্মের সব দুধ বিলিয়ে দিচ্ছি।”
কদবানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাগে বাড়ি একেনে। কী কচ্চো, রোজ দুধ পাচ্চি। আগে ঝালপেঁজ দিয়ে পান্তাভাত খাতাম। অহন দুধভাত খাই। গায় এটটু বল পাচ্চি।”
দুধ নিতে আসেন আশপাশের গ্রামেরও অনেক মানুষ।
বেনাপোল বন্দর টার্মিনাল পাড়ার কেসমত আলী বলেন, “আমাগে বাড়ির সবার খাওয়ার বেবোস্তা হলিও বাচ্চাগে দুদ কিনার টাকা জুগাড় করতি পেত্তেলাম না। অহন অ্যাটটা বেবোস্তা হইছে।”
সম্প্রতি দুধ কিনতে না পারায় বহু এলাকায় শিশুর স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে। মায়েরা পড়েছেন বেকায়দায়। ছোট আঁচড়া গ্রামের আনেছা বেগম তাদেরই একজন।
খামারের ৬৫টি গাভি থেকে বর্তমানে দৈনিক প্রায় সাড়ে ৪০০ কেজি হয় বলে জানিয়েছেন এর মালিক আবু তাহের ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সব দুধই বিলিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেওয়া হবে।”
