২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান্তাহারে নারায়ণগঞ্জফেরত রিকশাচালক আক্রান্ত

বগুড়ার আদমদীঘি উপজেলায় ঢাকাফেরত পুলিশ কনস্টেবলের পর এবার সান্তাহারে নারায়ণগঞ্জফেরত এক রিকশা চালক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2020, 07:03 PM

Updated : 10 Oct 2022, 07:07 PM

মঙ্গলবার তার কোভিড-১৯ শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদুল্লাহ দেওয়ান।

২৮ বছর বয়সী ওই রিকশাচালকের বাড়ি আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরশহরের সাহেবপাড়া মহল্লায়।  

স্বাস্থ্য কর্মকর্তা শহীদুল্লাহ দেওয়ান বলেন, নারায়ণগঞ্জফেরত এই রিকশাচালক যুবক গত ১৫ এপ্রিল বাড়ি আসেন। ওইদিন রাত থেকেই তাকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়।

“তার জ্বর ও কাশি থাকায় ১৮ এপ্রিল নমুনা সংগ্রহ করে বগুড়ায় পাঠানো হয় এবং ওইদিনই বগুড়া থেকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয় সেই নমুনা। সেখান থেকে মঙ্গলবার সকালে পরীক্ষার পজিটিভ ফল আসে।”

নমুনার ফলাফল জানার পরপরই মঙ্গলবার দুপুরে তাকে বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছে বলে শহীদুল্লাহ জানান।

ওয়ার্ড কাউন্সিলর সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন বলেন, নারায়ণগঞ্জ থেকে রিকশা চালকের আসার খবর পেয়ে ওইদিন রাতে তার হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়।

“সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বগুড়া জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে বিষয়টি অবগত করি। এরপর উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি খতিয়ে দেখেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করা হয়।”

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, “করোনা পরীক্ষায় ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ এসেছে। এ কারণে আক্রান্ত ব্যক্তিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে। ১৮ এপ্রিল থেকে এই উপজেলা অবরুদ্ধ রয়েছে।”

স্বাস্থ্য বিভাগ জানায়, ১৬ এপ্রিল উপজেলায় ঢাকা থেকে আসা নশরতপুরের শাঁওইল এলাকার করোনাভাইরাস আক্রান্ত পুলিশ কনস্টেবলসহ তার স্ত্রী ও সন্তানকে বগুড়া আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে এবং তার সংস্পর্শে আসা পাঁচ জনের নমুনা সংগ্রহ করে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।