গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ
গাজীপুরে বেতন-ভাতা পরিশোধের দাবিতে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।
সোমবার গাজীপুর নগরীর বোর্ডবাজার, সাতাইশ এলাকা, কুনিয়া তারগাছ এবং কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় ও সড়ক অবরোধ করে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট আরিফ রাইয়ান, শ্রমিক ও স্থানীয়রা জানান, জেলার বেশকিছু কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরেই মার্চ মাসসহ তাদের পাওনাদি পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিল।
আরিফ রাইয়ান জানান, বোর্ডবাজার এলাকার কনসিস্ট অ্যাপারেলসের শ্রমিকরা কয়েকদিন ধরে মার্চ মাসসহ তাদের পাওনাদি পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিল।
“সোমবার সকালে শ্রমিকরা কারখানার গেইটে জড়ো হয়ে বেতনভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করে। দীর্ঘ সময় পরও মালিকপক্ষের কোনো আশ্বাস না পাওয়ায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
“এক পর্যায়ে তারা কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।”
খবর পেয়ে পুলিশ গিয়ে অবরোধকারীদের মহাসড়কের উপর থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর রেজ্জাকুল হায়দার জানান, মহানগরীর সাতাইশ এলাকার এমএইচ ফ্যাশন পোশাক কারখানার শ্রমিকরা একই দাবিতে সকাল থেকে কারখানার গেইটে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে সকাল ১০টার দিকে কারখানার পার্শ্ববর্তী সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
“এ সময় বেতন পরিশোধের ব্যাপারে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনার আশ্বাস দিয়ে পুলিশ তাদের সড়কের উপর থেকে সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
টঙ্গী বিসিক শিল্প নগরীরর সরদার গার্মেন্ট কারখানার শ্রমিক জাহান আলী বলেন, শ্রমিকদের মার্চের বকেয়া বেতন দেওয়ার কথা বলে সোমবার সকালে কারখানা ডেকে নেয় এবং পরে কারখানা কর্তৃপক্ষ কিছু শ্রমিকের আইডি কার্ড জমা নিয়ে তাদের ছাঁটাই করা হচ্ছে এমন খবর শুনে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কারখানায় ইটপাটকেল ছোড়ে। পরে ছাঁটাই বন্ধ করে বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা চলে যায়।
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর রেজাউল করিম রেজা জানান, মার্চ মাসের ২০ দিনের বেতনভাতা পরিশোধের দাবিতে সোমবার সকাল থেকে কালিয়াকৈরের মৌচাক এলাকার এসকো ওভেন লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। ওই মাসের ১০ দিনের বেতন ইতোমধ্যে শ্রমিকদের পরিশোধ করা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে আনতে মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেগ পেতে হয়।
