২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে শ্বাসকষ্টে নারীর মৃত্যু, পরীক্ষায় গেল নমুনা

কক্সবাজার সদর হাসপাতালে শ্বাসকষ্টে এক নারীর মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2020, 11:01 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ৪৫ বছর বয়সী এই নারীর মৃত্যু হয় বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মহিউদ্দিন।

তার বাড়ি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায় বলে হাসপাতালের চিকিৎসকরা জানান।

মহিউদ্দিন বলেন, শুক্রবার বিকালে গর্জনিয়া এলাকা থেকে এই নারীকে হাসপাতালে আনা হয়। এরপর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়।

"আইসোলেশনে নেওয়ার পর চিকিৎসার প্রস্তুতি নিতে নিতেই সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। এর পরপরই তার নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেলে স্থাপিত ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।" 

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক আরও বলেন, এই নারী বৃহস্পতিবার দুপুর থেকে শ্বাসকষ্টে ভূগছিলেন। শুক্রবার দুপুরের পর শ্বাসকষ্ট বেড়ে গেলে স্বজনরা বিকালে হাসপাতালে নিয়ে আসেন।

“গত কয়েক বছর ধরে তিনি বহুমুত্র রোগে ভূগছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার সময়ও তার উচ্চমাত্রার সুগার ছিল।"

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা শাহীন মো. আব্দুর রহমান চৌধুরী বলেন, কতার লাশ হাসপাতালে রয়েছে। বিষয়টি সিভিল সার্জনের মাধ্যমে জেলা লাশ ব্যবস্থাপনা কমিটিকে অবহিত করা হয়েছে।

লাশ ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা মত মৃতদেহটি হস্তান্তর করা হবে বলে আব্দুর রহমান জানান।

চিকিৎসক শাহীন আরও বলেন, “সংগৃহীত নমুনা পরীক্ষার পর ফলাফল 'পজিটিভ' পাওয়া গেলে মৃত্যু হওয়া নারীকে হাসপাতালে নিয়ে আসা স্বজনদেরও নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।”