২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ১৮৪ বস্তা চাল উদ্ধার, ইউপি চেয়ারম্যনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১৮৪ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় ওই ইউপি চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।  

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 04:47 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

বুধবার গভীর রাতে কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলমের (৪৫) তিনতলা বাড়ির নিচতলা থেকে চালগুলো উদ্ধার করা হয় বলে র‌্যাব- ৮ এর এএসপি মুকুর চাকমা জানান।

বৃহস্পতিবার চালগুলো বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওসি মিজানুর রহমান জানান।

ইউপি চেয়ারম্যান ছাড়া মামলার বাকি আসামিরা হলেন- তার দুই ভাই শাহে আলম (৩৮), শামছুল আলম (৩০) ও চালের ডিলার সেন্টু খাঁ।

ঘটনার পর তারা পলাতক রয়েছেন বলে পুলিশ জানায়।

ওসি মিজানুর বলেন, “দুই মাস নদীতে মাছ ধরা বন্ধ রয়েছে। এ সময় জেলেদের সহযোগিতার জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতি মাসে ৪০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার। কেদারপুর ইউনিয়নে ৪৫০ জন তালিকাভুক্ত জেলে রয়েছে। তাদের প্রত্যেককে ১০ কেজি করে চাল কম দে্ওয়ার অভিযোগ ছিল র‌্যাবের কাছে। এর প্রেক্ষিতে র‌্যাব অভিযান চালিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রমাণও পায় তারা।

“এ ঘটনায় ইউপি সদস্য জাকির হোসেন (৩২) ও রোকনুজ্জামানকে (৩৮) আটকের পর তাদের এক মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায় ভ্রাম্যমাণ আদালত। এরপর গভীর রাতে চাল উদ্ধারে অভিযান চালায় র‌্যাব। পরে ভূতের দিয়া গ্রামে ইউপি চেয়ারম্যান নূরে আলমের বড়ির নিচতলা থেকে উদ্ধার হয় ১৮৪ বস্তা সরকারি চাল।”

প্রতি বস্তায় ২৮ কেজি করে মোট পাঁচ হাজার ১৫২ কেজি চাল জব্দ করা হয়েছে বলে জানান ওসি।