২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে চালের ডিলারকে লাখ টাকা জরিমানা

গাজীপুরের কাপাসিয়ায় সরকারি ১০ টাকা কেজির চাউল বিক্রির সময় ওজনে কম দেওয়ার অপরাধে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা ও তার লাইসেন্স বাতিল করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2020, 07:26 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

মঙ্গলবার দুপুরেকাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত আরা  এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডিত জুয়েল স্থানীয় ত্রিমোহনী এলাকার ডিলার ছিলেন।

জেলা প্রশাসনের মিডিয়া সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, গাজীপুরের কাপাসিয়া উপজেলাধীন ত্রিমোহনী এলাকায় প্রতিজনের কাছে ১০ টাকা কেজি দরের ৩০ কেজি চাল বিক্রির সময় ৪/৫ কেজি করে কম দেওয়ার অভিযোগ পাওয়া যায়।

“মঙ্গলবার ত্রিমোহনী এলাকায় চাল বিক্রির সময় মোবাইল কোর্ট ঘটনাস্থলে হাজির হয়ে হাতেনাতে প্রমাণ পায় এবং ডিলারকে ওই দণ্ড দেয়।”

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা জানান, ওজনে কম দেওয়ার অপরাধে আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা-৪৬ মোতাবেক উক্ত ডিলারকে এক লাখ টাকা অর্থদণ্ড করে তা আদায় করেন। এ সময় ওই ডিলারের ডিলারশিপ লাইসেন্স বাতিল করা হয়।