শেরপুরে জ্বর-কাশি-শ্বাসকষ্টে শিশুসহ ২ জনের মৃত্যু
শেরপুরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
এরমধ্যে রয়েছেন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া মধ্যপাড়ায় এক যুবক এবং ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া গ্রামের এক শিশু।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ জানায়, বৃহস্পতিবার দুপুরে সদরের এই যুবক মারা যান এবং বুধবার রাতে ঝিনাইগাতীর এক বছর বয়সী শিশুটির মৃত্যু হয়।
শেরপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃহস্পতিবার দুপুরে সাতপাকিয়ার মধ্যপাড়া নিজ বাড়িতে ৪০ বছর বয়সী ব্যক্তির মৃত্যু হয়। ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করছে জেলা স্বাস্থ্য বিভাগ।
“পাশাপাশি মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের ১৬টি বাড়ি অবরুদ্ধ করেছে উপজেলা প্রশাসন।”
ওসি মামুন বলেন, গত তিনদিন ধরে তার জ্বর, পাতলা পায়খানা ও কাশি ছিল। বৃহস্পতিবার সকাল থেকে জ্বর বেড়ে যায়; দুপুরে মৃত্যু হয়।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন বলেন, “আমরা ঘটনা শোনার পর ঘটনাস্থলে যাই এবং মৃত ব্যক্তির বাড়িসহ ১৬টি বাড়ি অবরুদ্ধ ঘোষণা করি। জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম নমুনা সংগ্রহ করেছে।”
ঝিনাইগাতীতে জ্বর ও শ্বাসকষ্টে শিশুর মৃত্যু
ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া গ্রামে বুধবার রাত ১০টার দিকে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ওই শিশুর বাড়ি গিয়ে পরিবারের চার সদস্যের নমুনা সংগ্রহ করেছেন।
স্থানীয় ইউপি সদস্য চান মিয়া জানান, বেশ কিছুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল শিশুটি। বুধবার ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে শিশুটির মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, সকালে খবর পেয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ওই বাড়িতে গিয়ে জানতে পারেন শিশুটিকে দাফন করা হয়ে গেছে।
“পরে করোনাভাইরাস শনাক্তকরণের জন্য শিশুর বাবা, মা, দাদা ও দাদির নুমনা সংগ্রহ করা হয়।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, শিশুটি করোনাভাইরাস আক্রান্ত কিনা এখনই বলা যাচ্ছে না। প্রতিবেদন আসার পর জানা যাবে। সতর্কতার জন্য পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
