২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে মাটিচাপায় ২ শ্রমিক নিহত

জয়পুরহাটে মাটিচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2020, 05:19 PM

Updated : 18 Aug 2022, 02:40 PM

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম জানান, বুধবার দুপুরে সদর উপজেলার মল্লিকপুর আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার ইছুয়া নয়াপাড়া গ্রামের কলিমুদ্দিনেরর ছেলে আব্দুল কুদ্দুস (৪৫) ও নওগাঁর ধামুইরহাট উপজেলার উত্তর জাহানপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে আতিয়ার হোসেন (৩৫)।

পুলিশ কর্মকর্তা সালাম প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন, ওই বিদ্যালয়ে একটি ভবন নির্মাণের জন্য মাটি খনন করে স্তূপ করে রাখা হয়েছিল। সেই মাটি সরানোর জন্য ট্রাক্টরে তোলার সময় চার শ্রমিক চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

এছাড়া এ ঘটনায় আরও দুইজন আহত হওয়ায় তাদের জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

আহতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার চিরলা গ্রামের মনছুর হোসেনের ছেলে বাবু হোসেন (২৫) ও নওগাঁর ধামুইরহাট উপজেলার জাহানপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রায়হান হোসেন (২৫)।