উগ্রবাদ প্রতিরোধে সংলাপ নোয়াখালীতে
উগ্রবাদ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে সংলাপ হয়েছে নোয়াখালীতে।
নোয়াখালী পৌরসভার বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি কনভেশন হলে রোব, সোম ও মঙ্গলবার পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের এক প্রকল্পের আর্থিক সহায়তায় এই সংলাপ আয়োজন করা হয়েছে।
রোববার সকালে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে উগ্রবাদবিরোধী ছাত্র সংলাপ উদ্বোধন করেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেল।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি শাখার জ্যেষ্ঠ সহকারী কমিশনার সাইদ নাসারুল্লাহ। বক্তব্য রাখেন পুলিশ সুপার আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি অধ্যক্ষ প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্যাহ্, উন্নয়ন সংগঠক আবদুল আউয়াল।
সংলাপে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে ধংসাত্মক কর্মকাণ্ডের ভিডিওচিত্র উপস্থাপন করে সবাইকে এসব বিষয়ে সজাগ করা হয়। শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।
একই বিষয়ে বিকেলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অংশগ্রহণে উগ্রবাদবিরোধী সংলাপ উদ্বোধন করেন জেলা পুলিশ ট্রেনিং সেন্টারের কমানডেন্ট ডিআইজি এস এম রোকন উদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার আলমগীর হোসেন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা ও জেল সুপার মনির আহমেদ।
সংলাপে নোয়াখালীতে কর্মরত পুলিশ, আনসার, কারা কর্মকর্তা ও করারক্ষীগণ উপস্থিত ছিলেন।
সোম ও মঙ্গলবার জনপ্রতিনিধি, মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও গ্রামপুলিশ সদস্যদের নিয়ে উগ্রবাদ বিরোধী আরও চারটি সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।
পুলিশ সুপার আলমগীর বলেন, “এসব সংলাপের মাধ্যমে উগ্রবাদ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং উগ্রবাদের গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা ও উগ্রবাদ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা হচ্ছে।”
