২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে ডাকাতের হামলায় স্কুলছাত্র নিহত, খবর পেয়ে ফুপুর মৃত্যু

ঢাকার ধামরাইয়ে ডাকাতের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। খবর শোনার পর তার ফুপু মারা গেছেন বলে পরিবার জানিয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2019, 07:30 PM

Updated : 18 Aug 2022, 05:51 PM

নিহত রমজান আলী রঞ্জন (১৭) ধামরাইয়ের জালসা বাগবাড়ি এলাকার সাইদ মিয়ার ছেলে। সে জালসা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

নিহত রঞ্জনের চাচা আজিজুল মিয়া বলেন, “শুক্রবার গভীর রাতে আট-দশজনের একদল ডাকাত তাদের বাড়ি এসে গোয়েন্দা পুলিশ বলে পরিচয় দেয়। পরে তারা পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ১২ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে।

“এ সময় সময় সাইদ, তার ছেলে রমজান ও মেয়ে শারমিন ডাকাতদের বাধা দেয়। এক ডাকাত রমজানের ঘাড়ে ও পিঠে ছুরি দিয়ে আঘাত করে। তাদের চিৎকারে এলাকাবাসী বেরিয়ে আসলে ডাকাতরা পালিয়ে। পরে রমজানকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ভাতিজা নিহত হওয়ার খবর শোনার সঙ্গে সঙ্গে স্ট্রোক করে মারা যান তার ফুফু রাবেয়া বেগম (৪৫)। ফুফু রমজানকে খুব আদর করতেন। তার মৃত্যুর খবর তিনি সইতে পারেননি।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, “ডাকাতের হামলায় স্কুলছাত্র নিহত। খবর শুনে ফুফু মারা যাওয়ার ঘটনাটি খুবই মর্মান্তিক ও বেদনার। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।