গাজীপুরে ‘পরকীয়ার জেরে’ নারী খুন, তরুণ আটক
গাজীপুর সিটি করপোরেশনে ‘পরকীয়ার জেরে’ এক নারী খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ এক তরুণকে আটক করেছে।
গাজীপুর সিটি পুলিশের সহকারী কমিশনার মো. আশরাফুল আলম জানান, তারগাছ কুনিয়াপাচর এলাকা থেকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা তার লাশ উদ্ধার করেন।
নিহত মাজেদা খাতুন (৩০) গাজীপুর শহরের তারগাছ কুনিয়াপাচর এলাকার রুবেলের স্ত্রী।
আটক অনিকের (২৪) বাড়ি খুলনায়। তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ কর্মকর্তা আশরাফুল আটক অনিককে জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে বলেন, অনিক এক সময় রুবেলদের বাসায় ভাড়া থাকতেন। সে সময় মাজেদার সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। এ কারণে অনিক ও তার স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। সম্প্রতি মাজেদা অনিকের কাছে টাকা-পয়সা চাইতেন বলে অনিকের দাবি। টাকা না দিলে মাজেদা অনিককে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন বলে অনিকের অভিযোগ।
“এর জেরে বুধবার রাতে মাজেদার ঘরে গিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন অনিক। সে সময় সে বাসায় আর কেউ ছিলেন না।”
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
