মাদারীপুরে বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত, চালক আটক
মাদারীপুরে বাসের ধাক্কায় বাইক আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাসের চালককে আটক করেছে।
জেলার শিবচর হাইওয়ে থানার এসআই মো. গোলাম মোস্তফা জানান, বুধবার বেলা ১টার দিকে কাঁঠালবাড়ি ঘাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হোসেন (১৮) উপজেলার ঠেঙ্গামারা এলাকার টিপু সিকদারের ছেলে। সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন রাকিব।
টিপু সিকদার উপজেলার কাঁঠালবাড়ি উচ্চবিদ্যাললের সহকারী শিক্ষক। তিনি শারীরিক প্রতিবন্ধী।
পরিবারের সদস্যরা জানান, রাকিব মোটরসাইকেলে করে তার বাবাকে স্কুলে পৌঁছে দিয়ে বেলা ১টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি বাস মোটরসাইকলে ধাক্কা দিলে রাকিব ঘটনাস্থলেই মারা যান।
এসআই গোলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে বাস ও তার চালককে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
