২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দুই ভাইকে এসিড নিক্ষেপ: ১০ জনের যাবজ্জীবন

সিলেটের গোয়াইনঘাটে ছয় বছর আগে এসিডে ঝলসে দুই ভাইয়ের চোখ নষ্ট করে দেওয়ার ঘটনায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2019, 04:46 PM

Updated : 18 Aug 2022, 05:43 PM

সিলেটের এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জুমান রাজা রোববার এ রায় দেন।

দণ্ডিত দশজন হলেন- গোয়াইনঘাট উপজেলার উত্তর রাউৎ গ্রামের আবদুস সালাম, মো. নুরুল মিয়া, আলতাফ মিয়া, শামসুল ইসলাম, আবদুর রহিম, আয়াত উদ্দিন, মাশুক মিয়া, মো. আলী, আবদুর রশীদ ও রুবেল মিয়া।

তাদের মধ্যে রুবেল পলাতক রয়েছেন। বাকি সবাই রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন বলে এ আদালতের এপিপি শামসুল ইসলাম জানান।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২৬ মার্চ সকালে গোয়াইনঘাট থানার উত্তর রাউৎ গ্রামের দুই ভাই আলাউদ্দিন ও আজির উদ্দিনকে তাদের বাড়ি থেকে উচ্ছেদের জন্য হামলা চালায় আসামিরা।

আজির উদ্দিন ও আলাউদ্দিনকে বাড়ির উঠানে বের করে বাঁশ দিয়ে পিঠিয়ে পা ভেঙে দেওয়া হয়। পরে তাদের দুই চোখে এসিড ঢেলে দেওয়া হয়। তাতে দুই ভাইয়ের চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়।

তাদের চাচাতো ভাই জমির উদ্দিন ২০১৩ সালের ৩ এপ্রিল গোয়াইনঘাট থানায় মামলা করেন। ওই বছর ২৫ ডিসেম্বর ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

মামলায় বাদীপক্ষে ২৮ জন সাক্ষীর মধ্যে ১৭ জন সাক্ষ্য শুনে রোববার রায় দিল আদালত।