ঠাকুরগাঁওয়ে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, যুবক আটক
ঠাকুরগাঁও সদর উপজেলায় ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন থেকে মো. রাজু (২২) নামে ওই যুবককে আটক করা হয় বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানান।
রাজু জেলার পীরগঞ্জ উপজেলার ভাবনাগঞ্জ একতিয়ারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
মেয়েটির বাড়ি সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি গ্রামে এবং সে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। হাসপাতালে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
মেয়েটির পরিবারের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন,
রাজু প্রায়ই মেয়েটির বাড়িতে যাতায়াত করত।এক পর্যায়ে রাজুর সঙ্গে মেয়েটির পরিবারের একটি ভালো সম্পর্ক তৈরি হয়।
“মঙ্গলবার সকালে মেয়েটির স্কুলে যাওয়ার কিছুক্ষণ পরে তাকে তার দাদির অসুস্থতার কথা বলে বের করে আনে রাজু।পরে সে মেয়েটিকে অপহরণ করে গাড়িতে তুলে দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলায় নিয়ে যায়। সেখানে সে মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়।”
পরে মেয়েটির বাড়ির লোকজন থানার অভিযোগ দিলে পুলিশ সেতাবগঞ্জ থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার এবং রাজুকে আটক করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
রাজু মেয়েটিকে ভুল বুঝিয়ে অপহরণের পর ধর্ষণ করেছে বলে মেয়েটির বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন। পাশাপাশি তিনি রাজুর কঠোর শাস্তির দাবি জানান।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি আশিকুর জানান।
