২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামের তিন সেতু ‘গলার কাঁটা’

কুড়িগ্রামের দু্ই উপজেলায় নির্মাণ করা তিনটি সেতু স্থানীয়দের কোনো কাজেই আসছে না; উল্টো চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষের।

আহসান হাবীব নীলু

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2019, 02:37 PM

Updated : 10 Oct 2022, 09:20 PM

তিন মাসে আগে নির্মিত ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামে ৪০ ফুট দৈর্ঘ্যের সেতুটির একাংশ চলতি মাসে ধসে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।এখন সেখানে বাঁশ দিয়ে সাঁকো তৈরি করেছেন স্থানীয়রা।

সদর উপজেলার হলোখানা ইউনিয়নের হেমেরকুটি গ্রামের এক কিলোমিটার এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০১৭ সালে দুটি ৪০ ফুট দৈর্ঘ্যের সেতু নির্মাণ করা হয়। কিন্তু সংযোগ সড়ক থেকে মাটি সরে যাওয়ায় কোনো সেতুতেই আর ওঠার উপায় নেই।

ওই গ্রামের বাসিন্দা ফজল আলী বলেন, “সরকার ব্রিজ বানায় জনগণের উপকারের জন্য। অথচ এই ব্রিজে আমরা উঠতেই পারি না। এই ব্রিজ এখন গলার কাঁটা হয়ে গেছে।”

মীম নামে আরেকজন বলেন, “ব্রিজ দিয়ে চলাচল করা যায় না। বর্ষার সময় ছেলে-মেয়েদের স্কুল যেতে তখন খুব সমস্যা হয়। কিন্তু দেখার কেউ নেই।” 

আর পূর্ব ধনিরাম গ্রামের সেতুর পাশ ভেঙে আবাদি জমিতে বালু পড়ছে বলে ওই এলাকার আবু বক্কর ও মজিবর জানান।

ওই গ্রামের মকবুল হোসেন বলেন, এবারের বন্যার প্রভাব এই এলাকায় না পড়লেও সেতুটি ভেঙে পড়েছে। তারপর তারা নিজেরা বাঁশের সাঁকো বানিয়ে নিয়েছেন পারাপারের জন্য।

সোহরাব মিয়া নামের একজন অভিযোগ করেন, নিম্নমানের উপকরণ ব্যবহার করার কারণেই নির্মাণের পরপরই সেতুটি ভেঙে পড়ে।

স্থানীয়দের অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফুলবাড়ীর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (টিআই) সবুজ কুমার গুপ্ত বলেন, “নকশা অনুযায়ী ব্রিজের কাজ করা হয়েছে। কিন্তু বন্যায় সেতুটির নিচ থেকে মাটি সরে যাওয়ায় ক্ষতি হয়েছে।“

Image
ফুলবাড়ী উপজেলার ধনিরাম গ্রামের সেতুটির একাংশ চলতি মাসে ধসে যায়

ফুলবাড়ী উপজেলার ধনিরাম গ্রামের সেতুটির একাংশ চলতি মাসে ধসে যায়

কিন্তু বন্যা এবং বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতির তালিকা পর্যালোচনা করে দেখা যায়, ক্ষতিগ্রস্ত সেতুর তালিকায় ওই ব্রিজের নাম নেই।

সদর উপজেলার দুই সেতু নিয়ে মন্ত্রণালয়ের উদাসিনতাকে দুষলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিজানুর রহমান।

তিনি বলেন, ২০১৭ সালে বন্যায় ওই দুই সেতুর সংযোগ সড়ক ভেঙে যায়।এ নিয়ে সংশিষ্ট মন্ত্রণালয়ের কাছে বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু বরাদ্দ না পাওয়ায় কিছুই করা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা খায়রুল আনাম বলেন, ত্রাণ শাখার যেসব ব্রিজ কালভার্ট নির্মাণ করা হয়, তা নিজ নিজ উপজেলা থেকে বাস্তবায়ন হয়ে থাকে। তারা এই ধরনের কোনো অভিযোগ পাননি, পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।