নেত্রকোণায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ ২
নেত্রকোণায় হাওরে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এক ছাত্র ও এক জেলে নিখোঁজ হয়েছেন।
খালিয়াজুরী ও মদন উপজেলায় শনিবার এ ঘটনাগুলো ঘটে।
মৃত জয় সরকার (২) খালিয়াজুরীর আদমপুর গ্রামের বিজয় সরকারের ছেলে।
নিখোঁজরা হলেন খালিয়াজুরীর বল্লী গ্রামের বাসিন্দা ও লরিকানকাঠি জলমহালের পাহারাদার জেলে আলী আহম্মেদ (৫৫) এবং সদর উপজেলার মৌজেবালি গ্রামের ফরিদ মিয়ার ছেলে দশম শ্রেণির ছাত্র সাফায়াত হোসেন হৃদয়।
খালিয়াজুরী থানার এসআই বছির উদ্দিন জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় বন্যার পানিতে পড়ে গেলে পরিবারের লোকজন জয়কে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিখোঁজ আলী আহম্মদসহ চারজন জেলে জলমহাল থেকে সকালে নৌকায় করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ নৌকার বৈঠা পানিতে পড়ে গেলে বৈঠাটি তুলতে আলী আহম্মদ পানিতে নামেন। এ সময় স্রোতের টানে ভেসে যান। তাকে উদ্ধারে ডুবুরিরা চেষ্টা করছেন্
মদন থানার পরিদর্শক (তদন্ত) স্বপন সরকার জানান, শুক্রবার দুপুরে শিক্ষার্থী হৃদয় তার বন্ধুদের নিয়ে উচিৎপুর হাওরে আনন্দ ভ্রমণে গিয়ে সাঁতার কাটছিলেন। এক পর্যায়ে স্রোতের টানে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন হৃদয়। হৃদয়কে উদ্ধারে ডুবুরিরা চেষ্টা করছেন।
