কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে ২ ‘জলদস্যু’ নিহত
কক্সবাজারের কুতুবদিয়ায় কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন; যাদের জলদস্যু বলে দাবি করছে পুলিশ।
উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের সিকদার পাড়া সংলগ্ন লুইজ্জ্যার বিলে মঙ্গলবার ভোরে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে কুতুবদিয়া থানার ওসি মো. দিদারুল ফেরদৌস জানান।
নিহতরা হলেন- কুতুবদিয়ার মোহাম্মদ এরফান ওরফে এরফান মাঝি (৩২) তার সহযোগী নুর হোসেন (২৮)।
পুলিশ বলছে, এরফান ও নুর চিহ্নিত জলদস্যু, তারা সাগর পথে ইয়াবা পাচার করতেন। এরফানের বিরুদ্ধে জলদস্যুতা, অস্ত্র ও মাদক পাচারের অভিযোগে কুতুবদিয়া থানায় সাতটি এবং নুরের বিরুদ্ধে একটি মাদকের মামলা রয়েছে।
ওসি বলেন, বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে আধিপত্য বিস্তারের জেরে জলদস্যুদের দুইদলের মধ্যে গোলাগুলির খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় জলদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে।
“এক পর্যায়ে ঘটনাস্থলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।”
এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি বন্দুক, চারটি গুলির খোসা ও ৪০০ টি ইয়াবা পাওয়া গেছে বলে জানান ওসি।
