যশোরে বাসশ্রমিককে পিটিয়ে ট্রাকের নিচে ফেলে হত্যার অভিযোগ
যশোরের অভয়নগর উপজেলায় একটি বাসের সুপারভাইজারকে পিটিয়ে চলন্ত ট্রাকের নিচে ফেলে হত্যার অভিযোগ উঠেছে।
অভয়নগর থানার এসআই জিয়াউর রহমান জানান, শুক্রবার দুপুরে উপজেলার নওয়াপাড়া হাইওয়ে থানার কাছে মোটর শ্রমিক ইউনিয়নের সামনে যশোর-খুলনা মহাসড়ক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত আকাশ মাদবর (৩২) শরীয়তপুর জেলার পালং থানার ডোমসার গ্রামের আদু মাদবরের ছেলে। ফেম পরিবহনের শরিয়াতপুর-বেনাপোল রুটের একটি বাসের সুপারভাইজর ছিলেন তিনি।
ঘটনার পর থেকে যশোর-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। অভয়নগর থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
বাসটির চালক ছাত্তার মিয়া সাংবাদিকদের বলেন, শুক্রবার সকালে শরীয়তপুর থেকে যাত্রী নিয়ে বেনাপোল যাচ্ছিলেন তারা।
“নওয়াপাড়া মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে যানজট দেখে আমাদের সুপারভাইজার আকাশ ও হেলপার পারভেজ বাস থেকে নেমে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাক সরাতে চেষ্টা করেন।
“কিন্তু দেখলাম যে কয়েকজন লোক সুপারভাইজারকে পিটিয়ে চলন্ত ট্রাকের নিচে ফেলে দিল,” বলতে বলতে অচেতন হয়ে পড়েন এই চালক।
সহকারী পারভেজ বলেন, “ট্রাকের হেলপার ও চালক তাদের গাড়ি সরাতে রাজি না হলে সুপারভাইজারের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা অভয়নগর ট্রান্সপোর্ট নামের চারটি ট্রাকের চালক, তাদের সহকারী ও স্থানীয় লোকজন সুপারভাইজারকে মারধর করে।
“তারা তাকে মারতে মারতে চলন্ত তেলবাহী একটি ট্রাকের নিচে ফেলে দেয়।”
পরে পুলিশ এসে রাস্তার ওপর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এসআই জিয়াউর বলেন, “আকাশকে পিটিয়ে চলন্ত ট্রাকের নিচে ফেলে দেওয়া হয় বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। আর হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।”
