ঝিনাইগাতীতে অটোরিকশা উল্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
শেরপুরের ঝিনাইগাতীতে অটোরিকশা উল্টে এক কাঠমিস্ত্রী নিহত হয়েছেন।
ঝিনাইগাতী থানার এসআই খোকন চন্দ্র সরকার জানান, রোববার সকাল ১০টার দিকে উপজেলার তেঁতুলতলা বাজার এলাকার শেরপুর-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মিরাজ মিয়া (৫০) উপজেলার সারিকালি নগর গ্রামের রহিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাতে এসআই বলেন, মিরাজ একটি অটোরিকশায় করে সারিকালি থেকে ঝিনাইগাতী যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি রাস্তায় উল্টে যায়।
“এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে মিরাজ আহত হন। তাকে এলাকাবাসী তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”
পরিবারের আবেদনে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই।
