নড়াইলে অজ্ঞাতপরিচয় অন্তঃসত্ত্বার লাশ উদ্ধার
নড়াইলের লোহাগড়া উপজেলায় অজ্ঞাতপরিচয় এক অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার শিয়রবর বাজার এলাকায় মধুমতী নদী থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
তার বয়স আনুমানিক ৩০ বছর জানিয়ে তিনি বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
“তার পেট কাটা ছিল। নাড়ির সঙ্গে জড়িয়ে ছিল আনুমানিক ছয়-সাত মাসের মৃত সন্তান। গলায় পাটের রশি পেঁচানো ছিল।”
তার গায়ে জাম রঙের বোরকা, লাল-সবুজ ছাপা কামিজ, পরনে লাল পায়জামা ও হলুদ ওড়না ছিল বলে তিনি জানান।
লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
