গাজীপুরে অটোচালক খুন, ছেলেসহ আটক ৫
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক অটোরিকশা চালক খুন হয়েছেন; এ ঘটনায় জিজ্ঞাসাবাদের ছেলেসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
নিহত আবুল বাশার (৬০) উপজেলার বড়হরা এলাকার মফিজ উদ্দিনের ছেলে। সোমবার ভোরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আবু বকর মিয়া নিহত বাশারের ভাই বুরুজ মিয়ার বরাতে বলেন, “বাশার বছর তিনেক আগে প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে প্রথম পক্ষের ছেলেদের সঙ্গে তার বিরোধ শুরু হয়। পরে বাশার দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে আবার বিয়ে করেন। এ নিয়ে ছেলেদের সঙ্গে আবার বিরোধ বাধে।
“সম্প্রতি বাশারের ছেলে ইব্রাহিম তাকে হত্যার হুমকি দেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক বিরোধের জেরে খুনের এ ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছোরা উদ্ধার করেছে পুলিশ।”
বাশারের পাঁচ ছেলের তিনজন প্রবাসী আর দুইজন দেশে থাকেন। এছাড়া এক মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে।
পুলিশ জানায়, রোববার বিকেলে বাশার অটোরিকশা নিয়ে কাজে যান। ওই দিন তার তৃতীয় স্ত্রী বাড়ি ছিলেন না। স্বামীর সঙ্গে ঝগড়া করে তিন দিন আগে তিনি বাপের বাড়ি চলে যান। রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন বাশার। পাশের ঘরে ছিলেন তার ছেলে ইব্রাহিম ও ইব্রাহিমের স্ত্রী। সোমবার ভোরের দিকে কে বা কারা তাকে ধারালা অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
ইব্রাহিমের দাবি, বাবার চিৎকার শুনে ঘরে গিয়ে তিনি তাকে রক্তাক্ত দেখতে পান। স্বজনরা তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
কালীগঞ্জ থানার এসআই আব্দুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ছেলে ইব্রাহিম ও মাহবুর রহমানসহ পাঁচজনকে থানায় নিয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
