গাজীপুরে মেছো বাঘের আক্রমণে আহত ২
গাজীপুরের কালিয়াকৈরে বন থেকে কারখানায় ঢুকে পড়া একটি মেছো বাঘ আটক করেছে শ্রমিকেরা। এ সময় বাঘের আক্রমণে আহত হয়েছেন দুই শ্রমিক।
উপজেলার সিনাবহ এলাকায় যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল কারখানা থেকে রোববার বিকালে এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, সিনাবহ এলাকায় পাশের একটি বন থেকে মেছো বাঘটি কারখানায় ঢুকে পড়লে শ্রমিকেরা আতঙ্কিত হয়ে বাঘটিকে আটক করার চেষ্টা করে।
এ সময় মেছো বাঘের থাবায় কারখানার দুই শ্রমিক আহত হন।পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।”
তিনি বলেন, পরে কারখানার শ্রমিকরা মেছো বাঘটিকে আটক করে কালিয়াকৈর চন্দ্রা ফরেস্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে। গভীর রাতে মোছো বাঘটিকে জঙ্গলে অবমুক্ত করা হয়।
