বেনাপোল বন্দরে রাসায়নিক পরীক্ষার যন্ত্র স্থাপন
যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানি পণ্যের রাসায়নিক পরীক্ষার জন্য আধুনিক যন্ত্র স্থাপন করা হয়েছে।
অল্প সময়ের মধ্যে রাসায়নিক পরীক্ষার জন্য শুল্ক ভবনে রোববার বিকেলে যন্ত্রটি স্থাপন করা হয় বলে জানান বেনাপোল শুল্কভবনের কমিশনার বেলাল হোসেন চৌধুরী।
তিনি বলেন, ‘রমন স্পেকট্রো মিটার’ নামে এই যন্ত্রটি এক্স-রে প্রক্রিয়ায় পণ্যের জেনেরিক নাম ও গঠন বলে দেয়। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে রাসায়নিক পরীক্ষা সম্পন্ন হয়।
“মাদক শনাক্ত করতে এ যন্ত্র খুবই কার্যকর। বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও বড় বড় প্রতিষ্ঠান যন্ত্রটি ব্যবহার করে। এখন থেকে বেনাপোলসহ দেশের তিনটি শুল্কভবনে এটি ব্যবহার হবে।’
এর আগে খুলনা থেকে এই পরীক্ষা করাতে অনেক সময় ও অর্থ ব্যয় হত বলে তিনি জানান।
এছাড়া একই দিন বন্দরের শুল্কভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মূল ফটকে ‘মেটাল ডিকেক্টর ও আন্ডার ভেহিকল ইন্সপেকশন মিরর’ বসানো হয় বলে তিনি জানান।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন বলেন, জঙ্গি হামলা হতে পারে এ আশংকায় এ ব্যবস্থা নিয়েছেন কাস্টম কর্তৃপক্ষ।
“এতে কাস্টমস ও বন্দর ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার হবে।”
অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, যুগ্ম কমিশনার শাকিলা পারভিন, এসি জাকির হোসেন, মফিজুর রহমান স্বজন এসব যন্ত্র উদ্বোধনের সময় ছিলেন।
