সাভারে বহুতল ভবনে অগ্নিকাণ্ড
ঢাকার সাভারে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়েছে।
বুধবার থানা রোড এলাকায় ১১ তলা বিসমিল্লাহ টাওয়ারের বেইজমেন্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভবনটির নিরাপত্তাকর্মী আব্দুল হান্নান বলেন, “দুপুর আনুমানিক ২টার দিকে সড়কের পাশের কর্নারে ধোঁয়া বের হতে দেখি। পরে বেইজমেন্টে কয়েকটি বিকট শব্দ হয়।”
খবরটি তাৎক্ষণিকভাবে ভবনের ফ্ল্যাট মালিকদের জানালে তারা দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান। ওই সময় ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয় বলে তিনি জানান।
“প্রচণ্ড ধোঁয়ার কারণে বেইজমেন্টে প্রবেশ করা যাচ্ছিল না। পরে মেশিনের মাধ্যমে ধোঁয়া বের করে ভিতরে প্রবেশ করা হয়।”
তিনি বলেন, আগুনে একটি প্রাইভেটকারের পিছনের অংশ পুড়ে গেছে। পাশেই জেনারেটর ও বিদ্যুতের সাব স্টেশন রয়েছে। বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
