২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

পাবনায় তিন কিশোরীর বিষপান, একজনের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে তিন কিশোরী একসঙ্গে বিষপানের পর একজনের মৃত্যু হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2018, 04:55 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয় বলে পরিবারের বরাত দিয়ে উপজেলার বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম জানান।

তিনজনই সদর উপজেলার একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

রেজাউল করিম বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গ্রামের একটি মাঠের মধ্যে তিন বান্ধবী বিষপান করে। তবে কী কারণে তারা বিষপান করেছে কেউই সে বিষয়ে নিশ্চিত নয়।

“এর মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসায় সুস্থ হলেও একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শনিবার সকালে তার মৃত্যু হয়।”

ওই এলাকার পল্লী চিকিৎসক আব্দুস সালাম বলেন, “ঘটনার পর পরই সেখানে গিয়ে পাবনা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

“হাসপালে নিয়ে তিনজনকেই বিষমুক্ত করা হয়। কিন্তু বিষমুক্ত করার সময় একজনের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী পাঠানো হয়।”

বেঁচে যাওয়া দুই কিশোরী জানায়, বিজ্ঞান ও অংক পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় তিনজনে করে বিষপান করেছিল।

তবে স্কুলটির প্রধান শিক্ষক বলেন, স্কুলে কোনো পরীক্ষার ফলাফল প্রকাশ হয়নি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “স্কুলে পরীক্ষা খারাপ হওয়ায় তিন বান্ধবী আত্মহত্যার চেষ্টা করে।

“এখানে প্রেমের কোনো বিষয় আছে কি না তা আমাদের জানা নেই।”