গাইবান্ধায় ভিজিএফের চাল আত্মসাত: তদন্ত কমিটি গঠন
গাইবান্ধায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের ৩২ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
সাদল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম রেজানুল ইসলাম বাবুর বিরুদ্ধে ওঠা এ অভিযোগ তদন্তের ভার দেওয়া হয়েছে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এএসএম সাদেকুর রহমানকে।
আগামী ১০জুলাই সকাল সাড়ে ১০টায় তদন্ত কর্মকর্তার কার্যালয়ে অভিযোগকারী ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে শুনানি হবে বলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম ইদ্রিস আলী জানান।
ভাতগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ইদ্রিস আলী চেংটুসহ স্থানীয় কয়েকজন জেলা প্রশাসককের কাছে চাল আত্মসাতের এই অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, ঈদের আগে ভাতগ্রাম ইউনিয়নের ৩২৮৬টি দুঃস্থ মানুষের জন্য ৩২ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দেয় সরকার।
প্রত্যেক পরিবার দশ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও ইউপি চেয়ারম্যান সাত কেজি করে চাল বিতরণ করেন। তাছাড়া ৫ নম্বর ওয়ার্ডের তালিকাভুক্ত ১৩৯টি পরিবারে মধ্যে চাল বিতরণ না করে ভাতগ্রাম বাজারের এক ব্যবসায়ীর গুদামে মজুদ করা হয়। পরে ইউপি চেয়ারম্যান রেজানুল ইসলাম বাবু ও ইউপি সদস্য মঞ্জু মিয়া চাল কালোবাজারে বিক্রি করেন বলে অভিযোগে বলা হয়।
ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা ইদ্রিস আলী বলেন, ভিজিএফের চাল দুঃস্থদের মাঝে বিতরণ না করে কালোবাজারে বিক্রির অভিযোগের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান রেজানুল ইসলাম বাবু বলেন, “সুষ্ঠুভাবে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। আত্মসাতের কোনো ঘটনা ঘটেনি, কয়েকজন ইউপি সদস্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।”
