দিন মজুরের খাসি খাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় এক দিন মজুরের খাসি জবাই করে ভোজের অভিযোগ উঠেছে নৌ পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে।
খাসির মালিক কোটালীপাড়া উপজেলার পীড়ারবাড়ি গ্রামের রুহিদাস হালদার বলছেন, তিনি খোঁজাখুঁজি শুরু করার পর পুলিশ তাকে অন্য একটি ছাগল গছিয়ে দেওয়ার চেষ্টা করে। তাতে রাজি না হওয়ায় পীড়ারবাড়ি বাজার কমিটি কয়েকজন পাহারাদারের কাছ থেকে চার হাজার টাকা ‘জরিমানা’ আদায় করে দেয়।
আর যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই পুলিশ সদস্যদের একজন বলেছেন, যে খাসি তারা নিয়ে গিয়েছিলেন সেটাই ফিরিয়ে দিয়েছেন। কেটে খাওয়ার অভিযোগ ভিত্তিহীন।
রুহিদাস সাংবাদিকদের বলেন, গত ২ জুন রাতে তার বাড়ির খাসিটি হারিয়ে যায়। সে সময় অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও সেটি পাননি তারা।
১৫ জুন পীড়ারবাড়ি বাজারের পাহাদারদের মাধ্যমে রুহিদাস জানতে পারেন, ওই খাসি পেয়ে তারা বাজারে বেঁধে রেখেছিলেন। পরে সেটি তারা পুলিশকে দিয়ে দিয়েছেন।
ভাঙ্গারহাট পুলিশ নৌ-তদন্ত কেন্দ্রের এসআই আলী আকবর, কনস্টেবল তুরাব আলী ও সোহেল সেই খাসি রান্না করে খেয়েছেন বলে খবর পাওয়ার কথা জানান রুহিদাস।
“ঘটনা জানাজানি হলে এসআই আলী আকবর আমাকে তদন্ত কেন্দ্রে ডেকে পাঠান। এরপর ১৮ জুন আমার স্ত্রী ও বাজার কমিটির সভাপতি নীতিশ হালদারসহ ৮/১০ জন সেখানে গেলে এসআই আকবর একটি খাসি ধরিয়ে দেন। কিন্তু ওই খাসি আমার হারিয়ে যাওয়া খাসি ছিল না।”
রুহিদাস বলেন, ওই খাসি নিলে পরে পুলিশের চুরির মামলায় পড়তে হতে পারে এমন আশঙ্কায় সেটি নিতে রাজি হননি তিনি। বাজার কমিটি তখন সালিশ বসিয়ে বাজারের পাহারাদার দুলাল হালদার, শঙ্কর হালদার ও প্রসেনজিৎ বৈদ্যের বিরুদ্ধে খাসি চুরির অভিযোগ এনে তাদের চার হাজার টাকা জরিমানা করে।
জরিমানার টাকা খাসির দাম হিসেবে হস্তান্তর করা হয়েছে এবং পুলিশের দেওয়া খাসিটি নীতিশের বাড়িতে রয়েছে বলে জানান রুহিদাস।
এ বিষয়ে জানতে চাইলে বাজার কমিটির সভাপতি নীতিশ হালদার বলেন, “বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে। খাসির দাম বাবদ রুহিদাসকে চার হাজার টাকা দেওয়া হয়েছে। রুহিদাস পুলিশের দেওয়া খাসি নেয়নি। ওই খাসিটি আমার কাছে রয়েছে।”
এসআই আলী আকবরের সঙ্গে যোগাযোগ করে অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সেদিন রাতে পীড়ারবাড়িতে টহলে গিয়ে একটি খাসি বাঁধা দেখে তারা ফাঁড়িতে নিয়ে যান, পরে মালিকের খোঁজে প্রচারও চালান।
“কিছুদিন পর খাসির মালিক রুহিদাসকে খুঁজে পেয়ে তার কাছে বাজার কমিটির মাধ্যমে খাসিটি হস্তান্তর করি। আমরা খাসি জবাই করে খাইনি।”
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ভাঙ্গারহাট পুলিশ নৌ-তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, ওই রাতে এসআই আলী আকবর, কনস্টেবল তুরাব আলী ও সোহেল যে নাইট ডিউটিতে পীড়ারবাড়িতে গিয়েছিলেন। তবে খাসির বিষয়টি তার জানা নেই।
