২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি নির্বাচন: গাজীপুরে নৌকার প্রচারে খুলনার মেয়র

গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রচারে অংশ নিয়েছেন খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2018, 11:33 PM

Updated : 11 Oct 2022, 12:26 PM

বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীর আলমের পক্ষে জেলা শহরের ভোটারদের কাছে ভোট চান এবং পথসভা ও প্রচারে অংশ নেন খুলনা সিটি করপোরেশনে আওয়ামী লীগ থেকে সদ্য নির্বাচিত এ মেয়র।

জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার সকালে নগরীর ২৫ নম্বর ওয়ার্ড ডুয়েট ফটকের সামনে পথসভার মাধ্যমে গণসংযোগ শুরু করেন। পরে নগরীর বিভিন্ন স্থানে পথসভা এবং গণসংযোগ করেন।

এ সময় তার সঙ্গে তালুকদার আব্দুল খালেক ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী আলীম উদ্দিন, শফিকুল ইসলাম বাবুল, হারিছ উদ্দিন আহমেদ, আব্দুল হাদি শামিম, মো. আমজাদ হোসেন বাবুল, মো. আমানত হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।

পথসভায় খুলনার মেয়র বলেন, শেখ হাসিনার উন্নয়নের উপর আস্থা রেখে খুলনার মানুষ বিপুল ভোটে নৌকা মার্কাকে বিজয়ী করেছে।

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ২৬ জুন নির্বাচনেও গাজীপুরবাসীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।    

এছাড়া জাহাঙ্গীরের পক্ষে সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়াও প্রচার চালান।

বিএনপি প্রার্থীর অভিযোগ

দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পুলিশ হয়রানি ও গ্রেপ্তার করছে জানিয়ে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন বলেন, “দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পুলিশ প্রতিনিয়তই হয়রানি ও গ্রেপ্তার করছে। নির্বাচনী এজেন্টদেরও ভয়ভীতি দেখানো হচ্ছে। নেতা-কর্মীদের গাজীপুর থেকে আটক করে অন্যজেলার পেন্ডিং মামলায় আসামি দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো পাঠাচ্ছে।

“পুলিশের এসব কাজের জন্য প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকালে বিএনপি প্রার্থী প্রচারে বের হননি। এ ব্যাপারে তিনি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।”

বুধবার রাতেও ১৫জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল বিএনপি প্রার্থীর লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের নামে কোনো হুলিয়া আছে কি না জানতে চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে চিঠি দেওয়া হয়েছে।

এছাড়া নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন এবং বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। 

পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ ১৫ জনকে গ্রেপ্তারের কথা অস্বীকার করে বলেন, “দুইজন পরোয়ানাভুক্ত আসামিকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করা হয়নি।”

আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের দিন।

এর আগে ১৫ মে ভোট হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতা নিয়ে রিট হলে আদালত তা স্থগিত করে। পরে উচ্চ আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করলে নির্বাচন কমিশন ২৬ জুন ভোটের নতুন দিন ঠিক করে।

স্থগিত হওয়ার পর থেকে প্রার্থীদের প্রচার বন্ধ থাকে। গত সোমবার থেকে দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার আবার শুরু হয়।