পদ্মায় স্পিডবোট উল্টে মেয়রসহ আহত ৬
পদ্মার শিমুলিয়া-মঙ্গলমাঝি নৌপথে স্পিডবোট উল্টে শরীয়তপুর পৌরসভার মেয়রসহ ছয়জন আহত হয়েছেন।
জাজিরা থানার ওসি মো. এনামূল হক জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পদ্মা সেতুর দক্ষিণ পাশে মাঝিরঘাটের পশ্চিম পাশে বালি তোলার ড্রেজারে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
এতে শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়ালের একটি পা ভেঙে গেছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়রকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছে। আহত অন্য পাঁচজনকে প্রাথমিকি চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর স্পিডবোটের চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।
মেয়রের ভাই শহিদুল ইসলাম কোতোয়াল বলেন, মেয়র রফিকুল ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে স্পিডবোটটি ২৪ জন যাত্রী নিয়ে শরীয়তপুরের মঙ্গলমাঝি ঘাটের উদ্দেশে রওনা হয়। পথে ড্রেজারে ধাক্কা লেগে উল্টে যায়।
