ঈদের আগে স্বপ্ন পুড়ে ছাই
ঈদের মাত্র দিন দশেক আগে ভরা মওসুমে ময়মনসিংহ শহরের হকার্স মার্কেটে বহু দোকানের সঙ্গে সঙ্গে পুড়েছে ব্যবসায়ীদের স্বপ্ন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শহরের প্রধান বাণিজ্যিক এলাকা গাঙ্গিনার পাড়ের ওই মার্কেটে আগুন ধরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে যায় মার্কেটের শতাধিক দোকান।
মার্কেটের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান ৩০বছর আগে বাবার সঙ্গে মুন্সিগঞ্জ থেকে ময়মনসিংহে আসেন। নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড মহল্লায় ভাড়া বাসায় থাকেন তারা। দুপুরে মার্কেটের সামনে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখা যায় তাকে।
“নূর গার্মেন্টস-১, নূর গার্মেন্টস-২ এবং নিউ এ এম ফ্যাশন নামের তিন দোকানে ৭০ লাখ টাকার মালামাল ছিল। গত রাতে ক্যাশে চার লাখ টাকা রাইখা বাসায় গেছিলাম। সকালে শুনি আগুন লাগছে দোকানে। আইসা দেহি আগুনে পুইড়া গেছে আমাদের স্বপ্ন।”
তিনি বলেন, “দুইমাস আগে পূবালী ব্যাংক থেকে ১০ লাখ এবং দুই বছর আগে ব্র্যাক ব্যাংক থেকে ছয় লাখ টাকা ঋণ তুলি। কিন্তু আগুন আমাদের নিঃস্ব করে দিল।”
“সব আগুনে পুইরা ছাই হইয়া গেছে। তিন মেয়ে এবং স্ত্রী নিয়ে ভাবতেছি কোথাও পলাই যাব।”
মিনহাজ সুজের মালিক নাদিম আহম্মেদ বলেন, “সাত বছর ধরে ব্যবসা করছি। আমার আয়ের টাকায় সংসার এবং বোন-ভাগ্নির লেখা-পড়া চলত।
“আজ সব পুড়ে ছাই হইয়া গেছে আমার। এখন ভাই, বোন, মা, বাবা নিয়া রাস্তায় বসা ছাড়া আর কোনো উপায় নেই।”
হর্কাস মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হক বলেন, হকার্স মার্কেটে ১৩৮টি দোকান রয়েছে। এর মধ্যে ৫/৬টি দোকানের মালামাল বের করা গেলেও বাকি দোকানগুলোর মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।
“আগুনে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমাদের। ঈদের আগে এমন আগুন আমাদের নিঃস্ব করে দিয়েছে।”
