২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সাংবাদিক মারধরে দুই এসআই প্রত্যাহার

হবিগঞ্জে সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে মারধর ও মামলা দিয়ে ফাঁসানোর ঘটনায় দুই এসআইকে প্রত্যাহার করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2018, 07:59 PM

Updated : 19 Aug 2022, 02:09 PM

বৃহস্পতিবার হবিগঞ্জ প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় পুলিশ সুপার বিধান ত্রিপুরা এ তথ্য জানান।

এরা হলেন সদর মডেল থানার এসআই রকিবুল হাসান ও এসআই আব্দুল মুকিদ চৌধুরী।

বুধবার তাদের থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

গত ৩১ মে রাতে যুক্তরাজ্য ভিত্তিক টেলিভিশন চ্যানেল এস এর সাংবাদিক জীবন ও তার ভাইকে ধরে থানায় নিয়ে মারধর করে পুলিশ। পরে জীবনের বিরুদ্ধে পুলিশের উপর হামলা এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে এবং তার ভাইয়ের বিরুদ্ধে ইয়াবা রাখার অভিযোগে মাদকের মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।

জীবনের ওপর নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করে পুলিশ বলেন, এ ঘটনায় জড়িত কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

“কোনো পুলিশ সদস্যের অপকর্মের দায় পুরো বাহিনী বহন করবে না। কারো ব্যক্তিগত অপরাধের দায়িত্ব তাকেই বহন করতে হবে।”

হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ঈসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসম শামছুর রহমান ভূইয়া, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান প্রমুখ।