পাবনায় দুদলের সংঘর্ষ, গুলিতে নিহত ১
পূর্ব বিরোধের জেরে পাবনা সদরে দুই দলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ২৫ জন।
শুক্রবার চর ঘোষপুর গ্রামে এ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে বলে পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন জানান।
নিহত রফিক উদ্দিন (৪২) ওই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক জালাল বলেন, চর ঘোষপুর গ্রামের তারেক আলী মন্ডল ও আতিয়ার বিশ্বাসের দুই বংশের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জেরে শুক্রবার বিকালে একটি ক্ষেতে বেগুন লাগানোকে কেন্দ্র করে তারেক মন্ডলের লোকজনের সঙ্গে আতিয়ার বিশ্বাসের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয় বলে জানান পরিদর্শক জালাল।
“এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে রফিক মারা যান। এ সময় ১৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হন।”
তিনি জানান, আহতদের মধ্যে গুলিবিদ্ধ ১৪ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ও অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধদের একজন নজরুল ইসলাম ওরফে নজু মন্ডলের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
পরিদর্শক জালাল আরও জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।
চর ঘোষপুর গ্রামে উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জালাল জানান।
