২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় বছর আগে সেতু নির্মিত, চলাচল শুরু হয়নি এখনও

সংযোগ সড়ক না থাকায় ফরিদপুরের চরভদ্রাসনে নির্মাণ শেষ হওয়ার ছয় বছর পরও একটি সেতুর উপর দিয়ে চলাচল শুরু হয়নি।

ফরিদপুর প্রতিনিধি

মফিজুর রহমান শিপন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2018, 05:06 PM

Updated : 11 Oct 2022, 12:21 PM

উপজেলার হেলিপোর্ট সংলগ্ন বি এস ডাঙ্গী খালের উপর নির্মিত হয়েছে এ সেতু।

এটির উপর চলাচল করতে না পারায় পাশের একটি ভাঙ্গা ঝুঁকিপূর্ণ সেতুর উপর দিয়ে কয়েকটি গ্রামের মানুষ যাতায়ত করছে।

উপজেলা প্রকৌশল অফিস জানায়, ২০১১-১২ সালে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ কর্মসূচির আওতায় ১৯ লাখ ৯৮ হাজার ৮৫১ টাকা ব্যয়ে ৪০ ফুট দীর্ঘ সেতুটি নির্মাণ এবং যথারীতি উদ্বোধন করা হয়।

সরেজমিনে দেখা গেছে, সংযোগ সড়ক নির্মাণ না থাকায় সেতুটি ব্যবহার করা যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দা সোরহাব মোল্যা,পান্নু শেখ, কামরুল পরামানিকসহ আরও কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিন পাশের ভাঙ্গা সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী, রিকশা,ভ্যান, অটোবাইক ও মিনি ট্রাকের পাশাপাশি যাতায়াত করছে কয়েকটি গ্রামের হাজারো মানুষ।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী নুর মোহাম্মদ মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুব শীঘ্রই হেলিপোর্ট সংলগ্ন এই সেতু হয়ে উত্তর আলমনগর কাশেমের দোকান পর্যন্ত রাস্তা পাকা করণের কাজ শুরু হবে। রাস্তাটি পাকাকরণের সঙ্গে অতি দ্রুত সেতুটির অ্যাপ্রোচ সড়কও সংস্কার করা হবে, যাতে ঝুঁকিমুক্তভাবে সেতুটি দিয়ে যানবাহন ও জনসাধারণ চলাচল করতে পারে।”