কালিয়াকৈরে স্কুলছাত্রী অপহরণ, গ্রেপ্তার ২
গাজীপুরের কালিয়াকৈরে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে তাদের গ্রেপ্তার ও মেয়েটিকে উদ্ধার করা হয় বলে কালিয়াকৈর থানার এএসআই আনিছুর রহমান জানান।
আটকরা হলেন কালিয়াকৈর বাজার এলাকার জাফর মিয়ার ছেলে মো. রনি ও একই এলাকার হরিপদ বর্মণের ছেলে পলাশ (২২)।
স্কুল কর্তৃপক্ষ জানায়, মেয়েটি দুপুরের টিফিনের সময় বাড়িতে যায়। টিফিন শেষে ফেরার পথে রনি, পলাশসহ ৫/৬ জন যুবক তাকে অপহরণ করে নিয়ে যায়। এসময় অন্য ছাত্রীরা বিষয়টি দেখতে পেয়ে বিষয়টি শিক্ষকদের জানায়।
পরে শিক্ষকরা স্থানীয়দের নিয়ে সেখানে গেলে জানতে পারে মেয়েটিকে কালিয়াকৈর বাজার এলাকার একটি কক্ষে আটকে রাখা হয়েছে। পরে সেখান থেকে রনি ও পলাশকে আটক করে পুলিশে খবর দেওয়া হয় বলে জানায় স্কুল কর্তৃপক্ষ।
এএসআই আনিছুর বলেন, খবর পেয়ে পুলিশ দুই অপহরণকারীকে গ্রেপ্তার ও মেয়েটিকে উদ্ধার করেছে।
