ফরিদপুরে নিখোঁজ ব্যক্তির বস্তাবন্দি লাশ
ফরিদপুরে নিখোঁজের চার দিন পর এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের একটি আখক্ষেত থেকে রোববার রাতে লাশটি উদ্ধার করা হয় বলে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এএফএম নাসিম জানান।
নিহত হাসান আলী শেখ (৩৭) ঝাউখোলা গ্রামের মো. ইমান আলী শেখের ছেলে।
হাসানের স্বজনরা জানায়, গত ৯ মে রাত ১১টার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয় হাসান। এরপর থেকে আর বাড়ি ফিরেনি। তাকে না পেয়ে শুক্রবার তার বাবা ইমান আলী ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তার খালাতো ভাই রিপন হোসেন বলেন, রোববার বিকালের দিকে ঝাউখোলা গ্রামের আজিজ খানের আখক্ষেতের পাশের পাট ক্ষেতে কাজ করার সময় কয়েকজন শ্রমিক পচা গন্ধ যায়। পরে তারা আখক্ষেতে ঢুকে বস্তাবন্দি লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ওসি নাসিম বলেন, বস্তাবন্দি লাশটি অর্ধগলিত হওয়ায় কিভাবে হত্যা করা হয়েছে তা শনাক্ত করা যায়নি।
