২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ৪ খুনের পেছনে ‘মাদক বিক্রির টাকার ভাগ’

মাদক বিক্রির টাকার ভাগ নিয়ে দ্বন্দ্ব থেকে বগুড়ায় চাঞ্চল্যকর চার খুনের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2018, 06:51 PM

Updated : 19 Aug 2022, 02:02 PM

জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বলেন, খুনের সঙ্গে সরাসরি জড়িত তিনজনকে রোববার রাতে গ্রেপ্তার করার পর এই হত্যাকাণ্ডের পেছনের কথা তারা জানতে পারেন।

“গ্রেপ্তারকৃতরা বলছেন, দুইজনকে হত্যা করার সময় দেখে ফেলায় তারা আরও দুইজনকে হত্যা করেন। আর এর সঙ্গে জড়িত মোট নয়জন।”

গত ৭ মে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ডাবুইর গ্রামের ধানক্ষেত থেকে চারজনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তারা সবাই মাদকসেবী ছিলেন বলে স্বজনরা জানিয়েছিলেন।

পুলিশ সুপার সোমবার সাংবাদিকদের বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের ইন্টেলিজেন্স উইংয়ের সহযোগিতায় বগুড়ার পুলিশ রোববার রাতে তিনজনকে ধরার পর তাদের জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য মেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন - শিবগঞ্জ উপজেলার কাঠগড়া চকপাড়া গ্রামের রফিকুল শেখের ছেলে জুয়েল শেখ (২৫), চন্দনপুর তালুকদারপাড়ার আব্দুস সামাদের ছেলে আবুল কালাম আজাদ (৪৮) ও ডাবইর গ্রামের আবু বক্করের ছেলে রুবেল।

পুলিশ সুপার বলেন, “মাদক বিক্রির টাকার ভাগ নিয়ে নিহত জাকারিয়া ও শাহাবুলের সঙ্গে খুনি জুয়েল ও তার বন্ধুদের বিরোধ তৈরি হয়। জাকারিয়া ছয় হাজার টাকা দাবি করছিলেন জুয়েলের কাছে। শাহাবুলেরও দাবি ছিল।

“জুয়েল ও তার সঙ্গীরা টাকা না দিয়ে জাকারিয়া ও শাহাবুলকে হত্যার পরিকল্পনা করেন। জুয়েল ফোন করে জাকারিয়া ও শাহাবুলকে টাকা নেওয়ার জন্য ডেকে পাঠান। তারা টাকা নিতে যাওয়ার পথে জুয়েল ও অন্য একজন তাদের গলা কেটে হত্যা করেন। আর হেলাল ও খবির তা দেখে ফেলায় তাদেরও তারা হত্যা করেন।”

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য দিয়ে পুলিশ সুপার বলেন, খুনি ও নিহতরা সবাই পরস্পরের পরিচিত। সবাই মাদক সেবন ও কেনাবেচা করতেন।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।