২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দানেশে ‘যৌন হয়রানিকারী’ শিক্ষকদের শাস্তি দাবি

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যৌন হয়রানির অভিযোগে থাকা শিক্ষকদের শাস্তি দাবি করেছেন শিক্ষকদের একটি অংশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2018, 06:42 PM

Updated : 08 Apr 2022, 06:22 PM

এ দাবিতে ‘প্রগতিশীল শিক্ষক ফোরাম’ সোমবার ক্যাম্পাসে মানববন্ধন আয়োজন করেছে।

‘প্রগতিশীল শিক্ষক ফোরাম’-এর ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন প্রগতিশীল শিক্ষক ফোরামের সহ-সভাপতি হারুন-উর রশিদ, সহ-সভাপতি এটিএম শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক বলরাম রায়।

মানববন্ধনে অনেক শিক্ষার্থীও অংশ নেন।

অধ্যাপক বলরাম রায় বলেন, শিক্ষার্থীর সঙ্গে যৌন হয়রানির মতো বর্বরোচিত ঘটনা ঘটছে এই বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ওই শিক্ষকদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না; যার ফলে একের পর এক এ ধরনের ঘটনা ঘটছে। এতে শিক্ষকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

অধ্যাপক এটিএম শফিকুল ইসলাম বলেন, প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

অধ্যাপক বলরাম রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষক কর্তৃক শিক্ষার্থী এবং শিক্ষিকার প্রতি যৌন হয়রানিমূলক আচরণের অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে দিয়েছেন ভুক্তভোগীরা।  

“কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ার পরও কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে না।”  

দোষীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এমন অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব ঘটনা ঠিক যৌন হয়রানি নয়, মানসিক নির্যাতন। আর এসবের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”