অনন্ত বিজয় হত্যা: অভিযোগ গঠন পেছাল, বদলাচ্ছে আদালত
আদালতে আসামি হাজির করতে না পারায় সিলেটে গণজাগরণ মঞ্চের সংগঠক বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেছে।
সোমবার সিলেটের মহানগর দায়রা জজ মফিজুর রহমান অভিযোগ গঠনের শুনানির জন্য ৩০ জুন নতুন তারিখ ঠিক করে দিয়েছেন।
পাশাপাশি মামলাটি মহানগর দায়রা জজ আদালত থেকে অতিরিক্ত দায়রা জজ আদালতে স্থানান্তরের আদেশ হয়েছে বলে জানান এ আদালতের পিপি মফুর আলী।
তিনি বলেন, এ মামলায় গ্রেপ্তার তিন আসামির মধ্যে মান্নান ইয়াহইয়া ও আবুল খায়েরকে অভিযোগ গঠনের শুননির জন্য আদালতে হাজির করা হয়েছিল। কিন্তু অন্য মামলায় হাজিরা থাকায় সাফিউর রহমান ফারাবীকে আদালতে উপস্থিত করা যায়নি।
পেশায় ব্যাংকার অনন্ত বিজয় বস্তুবাদ ও যুক্তিবাদ নিয়ে ব্লগ লিখতেন। তার লেখা ও সম্পাদিত বিজ্ঞানবিষয়ক বেশ কিছ বই রয়েছে।
তিনি বিজ্ঞানবিষয়ক ছোট কাগজ ‘যুক্তি’ সম্পাদনা করতেন; এছাড়া সিলেটে পরিচালিত বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
২০১৫ সালের ১২ মে সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে সিলেট নগরীর সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।
পরদির অনন্তর বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্তকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে মামলায় অভিযোগ আনা হয়।
তদন্ত শেষে সিআইডি পুলিশ ২০১৬ সালের ২৮ অগাস্ট পাঁচজনের বিরুদ্ধে ৩০২ ও ৩০ ধারায় অভিযোগপত্র দিলেও আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেয়।
এরপর ২০১৭ সালের ১৮ জানুয়ারি সন্ত্রাসবিরোধী ধারা যুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী।
সম্পূরক অভিযোগপত্রের ছয় আসামি হল- সিলেটের কানাইঘাট থানার ফালজুড় গ্রামের জমসেদ আলীর ছেলে আবুল হোসেন ওরফে আবুল হোসাইন (২৫), খালপাড় তালবাড়ি গ্রামের আব্দুর রবের ছেলে ফয়সাল আহমদ (২৭), সুনামগঞ্জের তাহিরপুর থানার বীরেন্দ্রনগর বাগলী গ্রামের মো. আমির উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (২৫), কানাইঘাট থানার পূর্ব ফালজুড় গ্রামের হাফিজ মঈনউদ্দিনের ছেলে মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহি ওরফে এবি মান্নান ইয়াহিয়া ওরফে ইবনে মঈন (২৪), একই গ্রামের জোয়ায়াদুর রহমানের ছেলে আবুল খায়ের রশিদ আহম্মদ (২৪) ও ব্রাহ্মণবাড়িয়ার কালিশ্রীপাড়া গ্রামের ফেরদসউর রহমানের ছেলে সাফিউর রহমান ফারাবী ওরফে সাফিউর রহমান (৩০)।
তাদের মধ্যে আবুল, ফয়সাল ও হারুন পলাতক রয়েছেন।
