হবিগঞ্জে দুর্ঘটনায় মা নিহত, ছেলেসহ আহত ৪
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা যাত্রী এক গৃহবধূ নিহত হয়েছেন; আহত হয়েছে তার ছেলেসহ আরও চারজন।
রোববার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবল উপজেলার কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত স্বর্ণা আক্তার (২৮) বাহুবলের হিলালপুর গ্রামের তমিজ আলীর স্ত্রী।
আহতরা হলেন স্বর্ণার ছেলে ওসমান গনি (৭), বাহুবলের পুটিজুরী গ্রামের হারুন মিয়ার স্ত্রী সুফিয়া আক্তার (৩০), তার মেয়ে নাফিসা আক্তার (৭) ও নবীগঞ্জের পানিউমদা গ্রামের মৃত ছগির মিয়ার ছেলে রব্বান মিয়া (৪৬)।
ওসমান গনিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাহুবল মডেল থানার এসআই মুক্তি সিনহা জানান, বাবার বাড়ি পানিউমদা বাজার থেকে ছেলেকে নিয়ে স্বর্ণা একটি সিএনজিচালিত অটোরিকশায় স্বামীর বাড়ি বাহুবল যাচ্ছিলেন।
“সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই স্বর্ণা নিহত হন।”
স্বর্ণার ছেলে ওসমান গনির অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন জানান।
