ফরিদপুর কারাগারে হাজতির মৃত্যু
ফরিদপুর কারাগারের হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে।
রোববার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ফরিদপুর জেলা কারাগারের সুপার আব্দুর রহিম জানান।
মৃত মো. রওশন খাঁ (৫২) সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত বাহাদুর খাঁর ছেলে। একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর গত ১ এপ্রিল আদালত তাকে কারাগারে পাঠায়।
সুপার জানান, শনিবার দুপুরে কারাগারে অসুস্থ হয়ে পড়েন রওশন। এর পরই তাকে প্রিজন সেলে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে বিকালে রওশনের স্ত্রী লুৎফা বেগমের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
