২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিত্য যানজটে নাকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ফেনীর ফতেহপুরে রেলওয়ে ওভারপাস নির্মাণাধীন থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই অংশে যানজট নিত্য ঘটনায় পরিণত হয়েছে।

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2018, 10:19 PM

Updated : 11 Oct 2022, 12:20 PM

এর মধ্যে মহাসড়কে ফেনীর ২৭ কিলোমিটারসহ কুমিল্লা ও চট্টগ্রামের অন্তত ২৫ কিলোমিটার রয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে শুরু করে ফেনী হয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম পর্যন্ত এ যানজট বিস্তৃত হয়।

গত এক মাস ধরে ফেনী অংশে যানজট হলেও সম্প্রতি বৃষ্টি হওয়া এবং মহাসড়কে খানাখন্দ থাকায় যানজট অসহনীয় হয়ে উঠেছে।

ফতেহপুর এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ এ যানজটের প্রধান কারণ বলে জানিয়েছেন ফেনী জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মীর গোলাম ফারুক।

হাইওয়ের মহিপাল থানা পুলিশের ওসি আবদুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফতেহপুর রেলওয়ে ওভারপাসের নির্মাণ কাজ চলমান থাকায় যানজট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। টানা কয়েক দিনের বৃষ্টিতে নষ্ট হয়েছে পুরো এক কিলোমিটার সড়ক।

“মহিপাল ছয় লেনের ফ্লাইওভার ও চারলেন সড়কের গাড়িগুলো ফতেহপুর গিয়ে একলেন হয়ে যাওয়ায় সড়কের দুপাশে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।”

ফতেহপুর এলাকাকে এড়ানোর জন্য কয়েকদিন থেকে ঢাকা থেকে ফেনী ও চট্টগ্রামগামী কিছু কিছু গাড়ি কুমিল্লা থেকে বিকল্প সড়কে লাকসাম, নোয়াখালী হয়ে ফেনীর মহিপাল দিয়ে যাতায়ত করছে। এতে স্বাভাবিক সময়ের চেয়ে চার/পাঁচ ঘণ্টা বেমি সময় লাগছে তাদের।

ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের যাত্রী দিদার মজুমদার বলেন, সাধারণ সময়ে ঢাকা-ফেনী দূরত্ব যেতে তিন ঘণ্টা হলেও যানজটের কারণে তা হয়েছে এখন ৯/১০ ঘণ্টা।

শুক্রবার রাত সাড়ে ৯টায় নোয়াখালীর জনৈক ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মা, এক বোন ও কয়েকজন কাজিন চট্টগ্রাম থেকে বাসে নোয়াখালী আসছিলেন। বিকাল সাড়ে ৫টা থেকে তাদের গাড়ি সীতাকুণ্ড এলাকায় ঠাঁই দাঁড়িয়ে আছে।

ঢাকা-ফেনী ও ফেনী-চট্টগ্রাম চলাচলকারী স্টার লাইন পরিবহের পরিচালক মাঈন উদ্দিন বলেন, ফতেহপুর রেলওয়ে ওভারপাসের কাজ শুরুর আগে গাড়ি চলাচলের জন্য বিকল্প সড়ক তৈরি করা প্রয়োজন ছিল। তাহলে যানজট এতটা ভয়াবহ হতো না।

যানজটের কারণে স্বাভাবিক সময়ের চেয়ে কম গাড়ি চলাচল করায় তাদের আর্থিক ক্ষতি হচ্ছে বলে জানান তিনি।

ফতেহপুর রেলওয়ে ওভারপাস নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান আল আমিন কনস্ট্রাকশানের প্রকল্প ব্যবস্থাপক মীর্জা মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্মাণাধীন রেল ওভারপাসের একটি অংশ আগামী ১৫ মে উন্মুক্ত করা হবে। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমে আসবে।

“সাম্প্রতিক সময়ের যানজট লাঘব এবং রোজা আর ঈদকে সামনে রেখে ওভারপাসের একটি অংশ চালু করা হচ্ছে।”

তিনি আরও জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী গাড়িগুলো ওভারপাসের উপর দিয়ে সরাসরি চলে যাবে। পাশাপাশি ঢাকা থেকে চট্রগ্রামগামী যানবাহনগুলো আপাতত নিচ দিয়ে যাতায়াত করবে। পুরোদমে যানচলাচলের জন্য চলতি বছরের অগাস্ট মাসে ওভারপাসটি উন্মুক্ত করা হবে।

কোনো ভুক্তভোগী মহাসড়কে চাঁদাবাজিকেও যানজটের অন্যতম কারণ বলে দাবি করছেন।

শ্যমলী পরিবহনের চালক আবদুল করিম বলেন, ফতেহপুর ওভারপাস ছাড়াও যানজটের আরেকটি কারণ মহাসড়কে পুলিশের চাঁদাবাজি। পণ্যবাহী গাড়ি থেকে পুলিশ চাঁদা নেওয়ায় গাড়ির দীর্ঘ সাড়ি মহাসড়কে দাঁড়িয়ে থাকে।

করিম মিয়া নামে এক কভার্ডভ্যান চালক বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা যেতে পুলিশের সাথে জায়গায় জায়গায় হাত মেলাতে হয়। এতে করে এক হাজার থেকে দেড় হাজার টাকা পুলিশকে দিতে হয়।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মীর গোলাম ফারুক বলেন, মহাসড়কে যানবাহগুলোকে শৃঙ্খলায় রাখতে ও গাড়ির জট মুক্ত করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা ট্রাফিক পুলিশের একাধিক দল কাজ করছে। একই সাথে শহরের অভ্যন্তরীণ পুরাতন মহাসড়কটি (স্টারলাইন ফিলিং স্টেশন-ট্রাংক রোড-লালপোল) বিকল্প রাস্তা হিসেবে চলাচলের উপযোগী করা হচ্ছে।

পরিবহন চালকদের থেকে পুলিশের চাঁদার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, “মহাসড়কে কোথাও পরিবহন চালকদের থেকে পুলিশ চাঁদা নিচ্ছে না।” 

রেল ওভারপাসটির অসমাপ্ত কাজ শেষ করার জন্য গত বছরের অগাস্টে দায়িত্ব নেয় সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন। তাদের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান আল আমিন এর নির্মাণ কাজ সস্পন্ন করছে।

৮৪৫ মিটার দৈর্ঘ্য ও ২২ মিটার প্রস্থের রেলওয়ে ওভারপাসটির কাজ ২০১২ সালে শুরু করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান শিপু পিবিএল। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও তারা কাজ শেষ করতে না পারায় ২০১৬ সালে তাদের সঙ্গে চুক্তি বাতিল করে সরকার। পরবর্তীতে অসমাপ্ত কাজ শেষ করার জন্য সেনবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়।