২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে কিশোর অটোরিকশা চালককে হত্যা

যশোর শহরে এক কিশোর অটোরিকশা চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2018, 07:13 PM

Updated : 19 Aug 2022, 02:02 PM

শুক্রবার দুপুপুরে ঘোপ এলাকায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ক্যাম্পাসে একটি ডোবায় মরদেহটি পাওয়া যায়।

নিহত তুরান হোসেন (১৪) সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের ইবাদুলের ছেলে। 

নিহতের ভাই রাশিদ হাসান জানান, তুরান বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। রাতে বাড়ি না ফেরায় তারা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। তার ইজিবাইকটি সুলতানপুর-গোপালপুর গ্রামের মাঝামাঝি স্থানে রাস্তার পাশে পাওয়া গেছে।

দুপুরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান বলে জানান রাশিদ।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহিম বলেন, বেলা দেড়টার দিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রহরী রাজু আহম্মেদ ক্যাম্পে লাশ দেখতে পাওয়ার খবর দেন।

“আমি ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। নিহত কিশোরের ইজিবাইকে থাকা পাঁচটি ব্যাটারির একটিও নেই।”

তিনি জানান, কীভাবে তাকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা যাবে না। তবে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে; মুখ দিয়ে গ্যাঁজা বের হচ্ছিল।

যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার  বলেন, “কী কারণে কারা তাকে হত্যা করে এখানে ফেলে গেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।”