কুমিল্লায় পারিবারিক বিরোধের জেরে শিশু হত্যার অভিযোগ
কুমিল্লায় নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশের ডোবা থেকে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ; যাকে পারিবারিক বিরোধের জেরে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ অজুফা বেগম নামে এক প্রতিবেশীকে আটক করেছে।
নিহত আয়েশা আক্তার (৩) জেলা শহরের নসংরাইশ এলাকার ভূতের গুলি এলাকার রাজমিস্ত্রি আবদুল লতিফের মেয়ে।
লতিফ সাংবাদিকদের বলেন, “পারিবারিক বিরোধের কারণেই মালু মিয়া ও তার স্ত্রী অজুফা ক্ষুব্ধ হয়ে আমার মেয়েকে নির্যাতন চালিয়ে হত্যা করে মরদেহ ডোবায় গুম করে রেখেছিল।”
ওসি সালাম পরিবারের বরাতে বলেন, কয়েক দিন আগে নিহত আয়েশার পরিবারের সঙ্গে মালু মিয়ার পরিবারের বিরোধ বাধে। সে সময় মালুর স্ত্রী আয়েশার পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেন বলে জিডি হয়।
“খুনের ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য মালু মিয়ার স্ত্রী অজুফা বেগমকে আটক করা হয়েছে।”
লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
