২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ১ লাখ ডলার, আড়াই কেজি সোনা আটক

বেনাপোলে এক লাখ ডলার ও আড়াই কেজির বেশি সোনাসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্র‌তি‌নি‌ধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2018, 11:12 PM

Updated : 08 Apr 2022, 06:21 PM

বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেলল মোহাম্মদ আরিফুল হক জানান, বৃহস্পতিবার রাতে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন - যশোরের শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রামের মুসা মল্লিকের ছেলে মাওলা বক্স (৩৫) সর্বাঙ্গহুদা গ্রামের ছাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০)।

বিজিবি কর্মকর্তা আরিফুল বলেন, একটি বড় চালান নিয়ে পাচারকারীরা বেনাপোলের ঘিবায় এলাকায় সীমান্তের কাছে অবস্থান করছেন এমন গোপন খবর পেয়ে বিজিবির টহলদল অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন এক ব্যক্তি একটি ব্যাগ ফেলে ভারতে ঢুকে পড়ে।

“মেইন সীমানা পিলার ২৩ থেকে আনুমানিক ১০০০ গজ ভেতরে ঘিবাজোড়া সেতুর নিচ থেকে ব্যাগটি উদ্ধার করলে এতে ২৪টি সোনার বার মেলে। এর ওজন দুই কেজি ৭৪০ গ্রাম। বাজার দর এক কোটি ১৭ লাখ ৮২ হাজার টাকা।”

এছাড়া পাচারের চেষ্টার সময় এক লাখ ডলার উদ্ধার করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা আরিফুল।

তিনি বলেন, রাত ৮টার দিকে বেনাপোলের সর্বাঙ্গহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মাওলা বক্স ও আলমগীর হোসেনকে আটক করা হয়। তাদের ব্যাগ তল্লাশি করে এক লাখ মার্কিন ডলার পাওয়া গেছে; যা বাংলাদেশি ৮৪ লাখ টাকার সমান।

সোনা কোষাগারে আর ডলার ও আটক দুইজনকে বন্দর থানায় দেওয়া হয়েছে বলে তিনি জানান।